আমাদের পরিচিতি ও লক্ষ্য
ক্বান্দে ফারসি উৎসব
দীর্ঘকাল ধরে ফারসি ভাষা ও সাহিত্য বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও সাহিত্যিক ভাষার মর্যাদা ভোগ করে আসছে। এ অঞ্চলের সংস্কৃতি, সাহিত্য ও মনন গঠনে এই ভাষা রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ঐতিহাসিক তথ্যপ্রমাণ বলে, প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে ফারসি ছিল সমগ্র উপমহাদেশ ও বাংলার তৎকালীন রাজদরবার ও প্রশাসনিক দাপ্তরিক ভাষা। হাফেজ, সাদি, মাওলানা রুমী, খৈয়াম ও ফেরদৌসি-এর মতো বিশ্বখ্যাত কবি ও মনীষীদের সাহিত্যকর্ম ও চিন্তাধারা আজ বাংলাদেশ ও ইরানের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে রয়েছে।
হাফেজ শিরাজীর অমর সেই পঙ্ক্তি—
«شکّرشکن شوند همه طوطیان هند / زین قند پارسی که به بنگاله میرود»
"আজকে পাঠাই বাঙলায় যে ইরানের এই ইক্ষু-শাখা,
এতেই হবে ভারতের সব তোতার চঞ্চু মিষ্টিমাখা"
এই বাণীর অনুপ্রেরণাতেই আয়োজিত হতে যাচ্ছে বার্ষিক ‘ক্বান্দে ফারসি উৎসব’। বাংলাদেশ ও ইরানের এই যৌথ ঐতিহ্যকে উদযাপন এবং এ দেশে ফারসি ভাষা ও সাহিত্যকে আরও ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।